বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

কবরীর ছবির সংগীত পরিচালক সাবিনা ইয়াসমিন


টানা ৫২ বছরের সংগীতজীবন। এতদিন ধরে গেয়ে চলেছেন সাবিনা ইয়াসমিন। তবে এবার সেই গতিতে বাঁকবদল ঘটতে চলেছে। সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার।

বরেণ্য অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরীর সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র সংগীত পরিচালক হিসেবে নাম লেখালেন সাবিনা।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ পর্যন্ত অসংখ্য অনুরোধ পেয়েছি। তবে এবার আর কবরীর অনুরোধ ফেলতে পারিনি। তার অনুরোধ রাখতে কঠিন এই কাজটি হাতে নিয়েছি। আমি জানি কাজটি অনেক কঠিন, তাই খুব সচেতনভাবেই করতে চাই।’

আরো বলেন, ‘আমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবেন, ভাবতেই আনন্দ লাগছে। রোমাঞ্চকর ব্যাপার! নতুন বছরে গান তৈরির কাজ শুরু হবে। পরিচালক যেহেতু কবরী, ফলে আমার কাজটা স্বাধীনভাবে করতে পারব।’

অন্যদিকে কবরী বলেন, ‘শুরুতে ভাবলাম আমাদের সময়ের কোনো সংগীত পরিচালককে নেওয়া যায় কি না। দেখলাম, তারা প্রায় সবাই অসুস্থ। এরপর মনে হলো, সাবিনা এক জীবনে এত গান গেয়েছেন। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছেন। তাহলে কেন সাবিনা ইয়াসমিন নয়? তার সঙ্গে আমার চার দশকের বন্ধুত্ব। তাকে প্রস্তাব দিলাম। রাজি হচ্ছেই না। একটা সময় রাজি হয়েছে। আমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সংগীত পরিচালনা করতে পারবে। এটা আমার বিশ্বাস।’

তিনি জানান, নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১