বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৯

স্থগিত রাজাকারের তালিকায় অর্থ ব্যয় হয়নি


রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা করতে কোনো অর্থ খরচ হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মন্ত্রী পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই দাবি করেন। একই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে, ভুলে ভরা রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে। ১৮ ডিসেম্বরের এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান এ তথ্য জানান বলে প্রকাশিত সংবাদে জানানো হয়। কিন্তু মন্ত্রণালয় বলছে, মন্ত্রী এ ধরনের কোনো তথ্য দেননি। সংবাদ সম্মেলনে তিনি কী বলেছেন, তার রেকর্ড সরকারের কাছে রয়েছে। রাজাকারদের তালিকা তৈরির বিষয়ে মন্ত্রী কিছুই বলেননি। 

ষাট কোটি টাকা খরচ হয়েছে কিনা— সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘৬০ কোটি টাকা কেন, ৬০ পয়সাও খরচ হয় নাই রাজাকারের তালিকা করতে। যারা এ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছিলেন, এটি কোনো নতুন তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকাই প্রকাশ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের অনেকের নাম থাকায় গত বুধবার এই তালিকা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১