আপডেট : ১৭ December ২০১৯
টেঁটা যুদ্ধ বন্ধ চাই। চরাঞ্চলে শান্তি চাই। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলীপুরা গ্রামে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রামের প্রধান সড়কে আলীপুর গ্রামের সর্বস্তরের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে গ্রামের টেঁটা যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে গ্রামে ছোট বড় ও বয়বৃদ্ধ সহ কয়েক শত লোক অংশ নেয়। সম্প্রতি সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে চলতি মাসের ৯ ডিসেম্বর সকালে প্রতিপক্ষরা টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের উপর হামলা চালায়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি ঘর। এ সময় নগদ টাকা, স্বর্নালঙ্কার, গোয়লের গরু-ছাগল ও গোলার ধান সহ মুল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। সংর্ঘষের ফলে দুই পক্ষের কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫শতাধিক টেঁটা উদ্ধার করে। সংঘর্ষের ঘটনার পর থেকে গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে গ্রামের শান্তিপ্রিয় লোকজন মানববন্ধন করে। এসময় মানববন্ধনে কামাল মিয়া বলেন, চরাঞ্চলের সবচেয়ে শান্তি প্রিয় গ্রাম আলীপুর। কিন্তু এখানে আর শান্তি নেই। নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়ার মূল ব্যবসা টেঁটা যুদ্ধ। নিজের লাভের জন্য গ্রামের লোকজনকে দুই ভাগে বিভক্ত করে টেঁটা যুদ্ধ বাধিয়ে রেখেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটাই তার পুঁজি। এই পদের ক্ষমতার বলে সে যা নয় তা করে বেড়াচ্ছে। আমরা তার বিচার চাই। বুকে টেঁটা বিদ্ধ হয়ে আহত বহর উদ্দিন বলেন, ফজরের নামাজ আদায় করে যাচ্ছিলাম। এসময় শাজাহানের লোকজন অহেতুক আমার বুকে টেঁটা বিদ্ধ করে। আমরা টেঁটা যুদ্ধ চাই না। গ্রামে শান্তি চাই। এ অবস্থা থেকে পরিত্রান চাই। তাই টেঁটা হোতা শাজাহান মিয়ার বিচার দাবি করছি। ৯০উর্ধ্ব বয়োবৃদ্ধ আমির হোসেন বলেন, টেঁটা যুদ্ধের পর মামলা মোকদ্দমা চালানোর কথা বলে প্রতি ঘর থেকে মোটা অংকের টাকা চাঁদা উত্তোলন করে আসছে। কেউ টেঁটা যুদ্ধে লিপ্ত হতে না চাইলে, সেই পরিবারকে তিনগুন হারে চাঁদা দিতে হয়। অন্যথায় টেঁটা যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করা হয়। নয়তো মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। আমাদের বয়স শেষ। কবে মরে যাবো তার কোন ঠিক নেই। মানববন্ধনে বক্তব্য রাখেন, আলীপুরা গ্রামের বাসিন্দা বুকে টেঁটা বিদ্ধ হয়ে আহত বহর উদ্দিন, কামাল মিয়া, নাসির উদ্দিন, আবুল হোসেন,জামাল জামালদি, গোলজার হোসেন, আমির হোসেন প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১