বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

বিমানবন্দরে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কাজ করছে সরকার:বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী


বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের বিষয়টি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেছেন, বিমানবন্দর যেকোনো দেশের প্রবেশ দ্বার। বিমানবন্দর আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যেকোনো যাত্রীর কাছে দেশের উন্নয়নকে প্রথমেই প্রতিফলিত করে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধুমতী ব্যাংক লিমিটেড কর্তৃক যাত্রী লাউঞ্জ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মাহবুব আলী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশনায় দেশের বিমান বন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশ কিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। ৫ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে শক্তিশালীকরণ ও এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা অচিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজ শুরু করবো যা নির্মাণে মোট ব্যয় হবে ২১ হাজার ৩ শত ৯৯ কোটি টাকা। এই টার্মিনালের কাজ শেষ হওয়ার পর ২০টি বোর্ডিং ব্রিজ, ২১ টি কনভেয়র বেল্ট ও ১৭৭ টি চেক ইন কাউন্টার নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে মোট ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে।

তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ২ হাজার ৭ শত ৬০ কোটি টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে শক্তিশালীকরণ প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ চলছে। ৫ হাজার ১ শত ৭৯ কোটি টাকা ব্যয়ে এখানে নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ের দৈর্ঘ্য ৯০০০ ফুট থেকে বাড়িয়ে ১২০০০ ফুট করার প্রকল্প চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মুক্তির সংগ্রামের মাধ্যমে অর্জিত মূল্যবোধ আমাদের উন্নয়নের মূলমন্ত্র। জাতির পিতার স্বপ্ন ছিল দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত, অজ্ঞতা মুক্ত সোনার বাংলা গড়ে তুলবার। যে কোন দেশ প্রেমিক বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।

তিনি আরো বলেন, অবকাঠামোগত উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি অংশীজনদের এগিয়ে আসা উচিত। আজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধুমতি ব্যাংক লিমিটেড কর্তৃক যে লাউঞ্জটি উদ্বোধন হচ্ছে তা যাত্রীদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করবে। যাত্রীদের ভ্রমণকে আনন্দদায়ক ও আরামদায়ক করার জন্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১