আপডেট : ২৭ November ২০১৯
স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টির (কপ) ২৫ তম অধিবেশনকে সামনে রেখে জার্মান দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন এবং জিআইজেড'র সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল এক ছবি প্রদর্শনী শুরু করেছে। ২০ নভেম্বর ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টারে শুরু হওয়া ‘ক্লাইমেট চেঞ্জ- টাইম ফর অ্যাকশন’ শীর্ষক এ প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন প্রদর্শনীর উদ্বোধন করেন এবং ছবি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। প্রদর্শনীতে সাতক্ষীরায় পানিবন্দি স্কুলের শিক্ষার্থীদের নৌকায় চড়ে স্কুলে যাওয়ার ছবিটিকে সেরা ছবি হিসেবে নির্বাচিত করা হয়। ঢাকায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন বোর এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্য বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার, বিভিন্ন কূটনীতিক মিশন এবং ইউএন মিশনের কর্মকতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গবেষক, গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রদর্শনীর জন্য বাংলাদেশের মানুষের জীবন ও পরিবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংশ্লিষ্ট ছবি জমা দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হলে অনেকে তাদের ছবি দেন। সেখান থেকে ৫০ টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয় এবং তার মধ্যে তিনটি পুরস্কার জিতে নেয়। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে গ্রামীণ এলাকা থেকে ঢাকায় চলে আসা মানুষের গল্প তুলে ধরা একটি চলচ্চিত্রও প্রদর্শনীতে দেখানো হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের 'সিডর' থেকে হালের 'বুলবুল'সহ বাংলাদেশকে বেশ কয়েকটি সাইক্লোন মোকাবিলা করতে হয়েছে। সাইক্লোন এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমান্বয়ে তীব্রতর হচ্ছে। ঢাকায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন বোর বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। যদিও দেশটি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকির শীর্ষে রয়েছে। বৈশ্বিকভাবে জলবায়ু পরির্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশের সাথে যৌথভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বেশি করে দৃশ্যমান হচ্ছে এবং সাম্প্রতিক প্রতিবেদনগুলো জানাচ্ছে যে প্রভাবগুলো আগের পূর্বাভাসের চেয়ে দ্রুত ঘটছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো ও বিশ্বের জন্য বিষয়টি হুমকিস্বরুপ। কনফারেন্স অব পার্টির (কপ) ২৫তম অধিবেশন অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দল সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরবেন, প্রদর্শনীতে আগত অতিথিরা এমনটাই প্রত্যাশা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১