আপডেট : ২৪ November ২০১৯
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ বাস্তচ্যুত রোহিঙ্গা নিজ দেশে প্রত্যাবাসন জরুরি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবে সমাধান করতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিতে হবে। গতকাল শনিবার রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। বান কি মুন বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকি মোকাবেলা করছে। এ ছাড়া সাম্প্রতিক ঝড়, বন্যা মোকাবেলায়ও বাংলাদেশ সফল ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসসহ (এসডিজি) বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, ড. আবদুল মোমেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি। গত শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব। গতকাল আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেন তিনি। এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১