বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৯

ঘুষের ঝুঁকি সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ


ঘুষ দেওয়া-নেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী একটি বৈশ্বিক সংগঠনের তৈরি ‘ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিকস’ শিরোনামের সর্বশেষ এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রধানত চারটি ক্ষেত্রে ভালো-মন্দ বিবেচনায় ১-১০০ এর মধ্যে স্কোরের ভিত্তিতে ঘুষের ঝুঁকি পরিমাপের এ সূচকে ২০০টি দেশের অবস্থান নির্ধারণ করা হয়।

সূচকের ২০১৯ সালের সংস্করণে ঘুষের ঝুঁকির ক্ষেত্রে আগের বছরের চেয়ে দুই পয়েন্ট বেড়ে ৭২ স্কোর নিয়ে বাংলাদেশ ১৭৮তম অবস্থানে আছে। এ স্কোর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।  এর অর্থ হলো, ঘুষের ঝুঁকি আগের চেয়ে বেড়েছে। এ তালিকায় ভারত ৪৮ পয়েন্ট নিয়ে ৭৮তম এবং পাকিস্তান ৬২ পয়েন্ট নিয়ে ১৫৩তম অবস্থানে আছে। ঘুষের ঝুঁকির সূচকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশ হলো নিউজিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড।

বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে ঘুষের ঝুঁকির বিষয়ে ব্যবসায়ীদের জন্য নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন মেটাতে ২০১৪ সালে প্রথম এ সূচক প্রকাশ করা হয়। কোনো বিশেষ দেশে কোম্পানির কাছে ঘুষ চাওয়া হবে কিনা বা ঘুষের সম্মুখীন হতে হবে কিনা তার পরিমাপ করে এ সূচক। বিনামূলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ সূচক বাণিজ্যিক ক্ষেত্রে ঘুষের প্রসার ঘটায় এমন কতগুলো পরিস্থিতি বুঝতে কোম্পানিগুলোকে সহায়তা করে। বিশেষ করে, বেসরকারি খাতের সঙ্গে সরকারের যোগাযোগের ধরণ ও বিস্তৃতি; ঘুষের প্রতি সামাজিক মনোভাব ও তা নিষিদ্ধে সরকারের ক্ষমতা; সরকারের স্বচ্ছতা; এবং দুর্নীতি পর্যবেক্ষণ ও প্রকাশে সুশীল সমাজের সক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১