বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৯

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিমান প্রতিমন্ত্রী


বিমান পরিচালনার ক্ষেত্রে সকল অংশীজনকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিমান পরিচালনা একটি পেশাগত দক্ষতার বিষয়। ফ্লাইট অপারেশন করার ক্ষেত্রে প্রতিটি জায়গায় দক্ষ জনবল নিয়োগের বিষয়টি নিরাপত্তার খাতিরেই নিশ্চিত করতে হবে। বিমান পরিচালনার ক্ষেত্রে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি মাথায় রাখলে বিমান দুর্ঘটনা সংক্রান্ত যে কোনো বিষয় প্রতিরোধ করা সম্ভব।

বাংলাদেশ পাইলটের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আমি যখনই বাংলাদেশি কোনো বিমানে ভ্রমণ করি তখন এই ভেবে নিশ্চিন্ত হই যে আমি বাংলাদেশি দক্ষ পাইলটের তত্ত্বাবধানে রয়েছি। যেমন আমারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই বলে থাকেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা বিশ্বের অন্যতম সেরা পাইলট।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জন্য ইতিমধ্যেই নতুন প্রজন্মের ১০ টি বোয়িং বিমান কেনা হয়েছে। অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে পরিচালনার জন্য ২০২০ সালের জুনের মধ্যে নতুন ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আধুনিকায়নের কার্যক্রম হাতে নিয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কর্মসূচির আওতায় অচিরেই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর,কক্সবাজার বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও যশোর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তিশালীকরণ সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। বাংলাদেশের উদীয়মান এভিয়েশন খাত বিকাশে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। এভিয়েশন খাতের বিকাশে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন জ্যাক নেক্সটার, নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ও বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহববুবুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১