বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৯

বিএনপির সাংসদ হারুনের আপিল


শুল্কমুক্ত আমদানি সুবিধায় গাড়ি কিনে তা বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বিএনপির এমপি হারুন অর রশীদ তার পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন ।

বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দন্ডের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। পাশাপাশি জামিনও চেয়েছেন।

২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। কারাদন্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এ মামলার পলাতক আসামি চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদন্ড ও একলাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মামলার অপর পলাতক আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারান্ড এবং ৪০ লাখ টাকা অর্থন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় এমপি হারুন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, হারুন বিএনপি জোট সরকারের সময় এমপি থাকাকালে ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন। গাড়িটি তিনি পরে ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করেন। এরপর সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডি বাপ্পীর কাছে বিক্রি করেন। নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত গাড়ি তিন বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু এমপি হারুন শুল্ক না দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এই অভিযোগে ২০০৭ সালের ৭ মার্চ এমপি হারুনসহ তিনজনের নামে এ মামলা দায়ের করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক ইউনুস আলী।

মামলায় ২০০৭ সালের ১৮ জুলাই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। একই বছর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। হারুন অর রশীদ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১