আপডেট : ২৮ October ২০১৯
ভোলার মনপুরায় সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচ দুর্বৃত্ত এক গৃহবধূকে তার শিশু সন্তানের সামনেই দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে ওই ছাত্রলীগ নেতা। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার বেলা ১টার দিকে মনপুরা উপজেলার চর পিয়ালে এক বাগানের মধ্যে গণধর্ষণের এ ঘটনা ঘটে। গতকাল রোববার ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ওই গৃহবধূকে রোববার দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্পিডবোটটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও একজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গত শনিবার রাতে মনপুরা থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। ওসি সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে গত শনিবার দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরণ (২৬) জোর করে বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই গৃহবধূকে ধর্ষণ করে। পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল ঘটনাস্থল গিয়ে ওই ধর্ষকদের তাড়িয়ে নিজেই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তিনি ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন আরো জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১