বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

কুমিল্লায় গণপিটুনিতে যুবক নিহত


কুমিল্লার তিতাসে শাহরিয়ার (৩৩) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। সে ওই উপজেলার  জিয়ারকান্দি গ্রামের মৃত এসডু মিয়ার ছেলে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো.আহসানুল ইসলাম গনপিটুনির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাতে নিহত শাহরিয়ার দড়িকান্দি গ্রামের মো. সুমন মিয়া নামের এক প্রবাস ফেরত লোকের খামারে গরু চুরি করতে যায়। তখন এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এক পর্যায়ে শাহরিয়ার অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এক পর্যায়ে শাহরিয়ার পানি খেতে চায়, পানি দিলে পানি পান করার পর পরই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে এসে নাদিম মাস্টার নামে এক ব্যক্তিসহ মোট দুইজনকে আটক করে।

এলাকাবাসী জানায়, শাহরিয়ার একজন খণ্ডকালীন আনসার সদস্য। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। চুরি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় ও সন্ত্রাসী কার্যকলাপ ইত্যাদি ছিল তার নিত্যনৈমিত্তিক কাজ। তার অত্যাচারে এলাকাবাসী ছিল অতিষ্ঠ। বিগত কয়েক মাস আগে এলাকাবাসী তার অত্যাচার সহ্য করতে না পেরে একটি মানববন্ধনও করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে প্রায়ই তার পরিচয় গোপন রাখত। তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করা হলে সে বলত, তার বাড়ি জিয়ারকান্দি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো.আহসানুল ইসলাম জানায়, উদ্ধারের পর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন। মামলার প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১