বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৯

কলমাকান্দায় কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা


নেত্রকোনার কলমাকান্দার আবু ছামান (৪০) ও এমরান মিয়া (৩৬) নামে দুই ভুয়া কৃষি কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ভূক্তভোগী মো. আব্দুল কুদ্দুছ বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি প্রতারণা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে দুই প্রতারক নিজেকে কৃষি কর্মকর্তা দাবি করে গ্রামের সহজ সরল লোকদের বলেন ১০০ টাকা জমা দিয়ে আপনারা কৃষি অফিসের সদস্য হন। সদস্য হলে আগামী সপ্তাহে আপনাদের একটি গরু ও স্থানীয় কৃষি ব্যাংক হতে বিনাসুদে ২০ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে এক পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেনকে খবর দেয়।

খবর পেয়ে ওই কর্মকর্তা বলেন, আবু ছালাম ও এমরান মিয়া নামে আমার অফিসে কোনো কর্মকর্তা নেই। তখন স্থানীয় লোকজন ওই দুই প্রতারককে আটকে রেখে কলমাকান্দা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনার স্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭শ টাকা নগদ, তিনটি মোবাইল ফোনসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়।

প্রতারকরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা সেকান্দরনগর গ্রামের মৃত- আব্দুল আহাদের ছেলে আবু ছামান অপর প্রতারক একই উপজেলার বেলংকার গ্রামের আমির উদ্দিনের ছেলে এমরান মিয়া।  

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু ছামান ও এমরান মিয়া নামে দুই প্রতারককে নেত্রকোনা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১