আপডেট : ২৬ September ২০১৯
চলতি বছর চীন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশকে পেছনে ফেলে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে। এ সময়ে পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। তবে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশের প্রবৃদ্ধি পতনমুখী হবে ২০২০ সালে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯ আপডেট নামের প্রতিবেদনে এসব কথা বলা হয়। বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এদেশের অর্থনীতি একটা ভালো অবস্থায় রয়েছে। এ অবস্থা ধরে রাখতে হলে শুধু পোশাক খাতের ওপর নির্ভরশীল হলে চলবে না। সেই সঙ্গে অন্য খাতকেও শক্তিশালী করতে হবে। পোশাকের মতো অন্য খাতকে শক্তিশালী না করতে পারলে এ প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এতে বলা হয়, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ২০১৯ সালে দাঁড়াবে ৮ দশমিক ১ শতাংশ, যা ২০২০ সালে কমে হবে ৮ শতাংশে। সেখানে চীনের প্রবৃদ্ধি ২০১৯ সাল শেষে দাঁড়াবে ৬ দশমিক ১ শতাংশ, ২০২০ সালে তা আরো কমে ৬ শতাংশ হবে। ভারতের প্রবৃদ্ধি ২০১৯ সালে ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০২০ সালে দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশ। পাকিস্তানের প্রবৃদ্ধি ২০১৯ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০২০ সালে দাঁড়াবে ২ দশমিক ৮ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধি নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে পূর্ব এশিয়ার দেশ চীন, হংকং, কোরিয়া ও চীনের তাইপে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া (২০১৯ সালে ৫ দশমিক ১ এবং ২০২০ সালে ৫ দশমিক ২), ফিলিপাইন (২০১৯ সালে ৬ এবং ২০২০ সালে ৬ দশমিক ২), সিঙ্গাপুর (২০১৯ সালে দশমিক ৭ এবং ২০২০ সালে ১ দশমিক ৪), থাইল্যান্ড (২০১৯ সালে ৩ এবং ২০২০ সালে ৩ দশমিক ২)। জিডিপির প্রবৃদ্ধি ওপরের দিকে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, মধ্য এশিয়ার আজারবাইজান ও কাজাখস্তান এবং প্যাসিফিক অঞ্চলের ফিজি। স্থির রয়েছে মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রবৃদ্ধির হার। ২০১৯ সালে মালয়েশিয়ার জিডিপির প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ, ২০২০ সালেও তা অব্যাহত থাকবে। ২০১৯ সালে ভিয়েতনামের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ, যা ২০২০ সালের শেষেও অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১