বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৯

বাংলাদেশ বিশ্বে মডেল : এডিবি


এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, গত ১০ বছরে বাংলাদেশের দ্রুত অগ্রগতি হয়েছে।  গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ। অগ্রগতির দিক থেকে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল। গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এডিবির ৬৮টি সদস্য দেশের মধ্যে প্রথমবারের এই আয়োজন শুরু হয়েছে ঢাকায়।

তিন বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারতের পূর্বাংশের প্রবেশপথ বাংলাদেশ। দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংস্থার (আশিয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা) প্রবেশপথ এবং চীন, ভুটান ও নেপালের দক্ষিণে প্রবেশপথও এই বাংলাদেশ। ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের। কীভাবে এই সুযোগকে কাজে লাগানো যায়, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সে রাস্তা খোঁজার চেষ্টা করব। ২০১৮ সালে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের পথে রয়েছে দেশটি। পোশাকশিল্পে বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক। তৃতীয় বৃহত্তম শাকসবজি উৎপাদক, চতুর্থ ধান উৎপাদক এবং বিশ্বে সপ্তম বৃহত্তম আম উৎপাদনকারী দেশ।

অল্প যে কয়েকটি দেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করেছে, তার মধ্যে বাংলাদেশ একটি। গত এক দশকে অতিদরিদ্র মানুষের সংখ্যা দুই-তৃতীয়াংশ কমেছে। প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষা ও নারী শিক্ষার হার বেশি। বর্তমানে ৯৮ শতাংশ মেয়ে শিশু প্রাথমিক শিক্ষা নিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও তারা সফল। মানব উন্নয়নে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ। এডিবি ৪৬ বছর ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এডিবির দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশে। বর্তমানে এডিবির দেওয়া ঋণে বাংলাদেশে ৫৪টি প্রকল্পের কাজ চলমান। অর্থের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার।

এডিবি আয়োজিত সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, যখন কোনো একটি প্রকল্প গ্রহণ করা হয়, তখন এটির টাইমলাইনে বাস্তবায়ন ও কোয়ালিটি ঠিক রাখা গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন পরিকল্পনা ও নকশা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রকল্পের খরচ কমানোও অপরিহার্য। বাংলাদেশে এডিবিকে বিনিয়োগ করার আহ্বান জানান। বলেন অতীতে যেসব-বিদেশি সংস্থা, রাষ্ট্র আমাদের দেশে বিনিয়োগ করেছে, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের জনসংখ্যা ও জমি রয়েছে। তাই আমাদের এখন বিনিয়োগ প্রয়োজন। এ দেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ছাড়া দেশও লাভবান হবে। 

দুর্নীতি একটি বড় সমস্যা আমাদের দেশে। কারণ দেশ সব সময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এর ফলে প্রত্যেক জায়গায় সুশাসনের ঘাটতি রয়েছে। দুর্নীতিকে প্রতিরোধের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদী। সেমিনারে আরো বক্তব্য রাখেন এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব (এডিবি শাখার প্রধান) ফরিদা নাসরিন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১