বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০১৯

একজন ক্লিনারের মাসিক বেতন ৪ লাখ ২০ হাজার টাকা


চার লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন ধরা হয়েছে একজন ক্লিনারের। রেল মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবনায় রেলওয়ের কারিগরি প্রকল্পের ক্লিনারের এমনই অবিশ্বাস্য বেতনের কথা বলা হয়েছে।

রেলের উন্নয়নে এ খাতকে ঢেলে সাজাতে বিভিন্ন সময়ে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫৬ কোটি টাকার কারিগরি সহায়তা প্রকল্প বরাদ্দ করেছে রেল মন্ত্রণালয়। এ প্রকল্পের আওতায় ১১টি উপ-প্রকল্প বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। লোকসানে জর্জরিত সেবাখাত রেলওয়ের কারিগরি প্রকল্পে এমনই অকল্পনীয় বেতন ধরা হয়েছে, যা অনুমোদনের জন্য সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

প্রকল্প মূল্যায়ন কমিটি বেতনভাতা নির্ধারণে বড় ধরনের অনিয়ম পেয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা কমিশনের কার্যপত্রে দেখা যায়, প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয় চার লাখ ২০ হাজার টাকা, অফিস সহায়কের বেতন প্রতিমাসে ৮৪ হাজার টাকা, বিদেশি পরামর্শকের বেতন গড়ে ১৬ থেকে ২৫ লাখ টাকা ধরা হয়েছে। এমন ভুতুড়ে প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। পরে তা ফেরত পাঠানো হয় রেল মন্ত্রণালয়ে।

এদিকে রেল মন্ত্রণালয় এ বেতন নির্ধারণের বিষয়টিকে ‘নিছক ভুল’ বলে দাবি করেছে। তবে এটি কি ভুল ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যাতায়াত ব্যবস্থার অন্যতম এ মাধ্যম রেল খাতের উন্নয়নে এসব অনিয়মকেই সবচেয়ে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই বেতন নির্ধারণের প্রস্তাবে অবাক হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, দুর্নীতি বন্ধে প্রকল্প অনুমোদনের আগে গভীরভাবে পর্যালোচনা করা হয়। প্রকল্পের নামে যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১