আপডেট : ০২ September ২০১৯
মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কেরামত আলী সড়কের ঝুঁকিপূর্ণ সেতুর কারণে যান চলাচল হয়ে পড়েছে। আগে সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক গাড়ি চলাচল করলেও গত ২ মাস যাবৎ কোন গাড়ি চলাচল করছে না। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা প্রবাসী হাজ্বী আব্দুল মতিন বলেন, কেরামত আলী সড়কের সেতুটি প্রায় ৩৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিএনজি-অটোরিক্সা ছাড়া বড় ট্রাকও পিকআপ চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। আমার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি নিয়ে এখন বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে মিরসরাই সদরে বাসা নিতে হচ্ছে। তিনি বলেন, কেরামত আলী সড়ক দিয়ে উপজেলার মিঠাছরা বাজার, জামালের দোকান, বটতল সহ বিভিন্ন আঞ্চলিক সড়কের প্রতিদিন ৫ শতাধিক গাড়ি চলাচল করে। সড়কটি মিরসরাই পৌরসভা, মিরসরাই সদর ইউনিয়ন ও মিঠানালা ইউনিয়নে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অন্যতম মাধ্যম। সেতুটি আগে থেকে ঝুঁকিপূর্ণ থাকলেও মলিয়াইশ খাল পুনঃখননের ফলে ব্রীজের একাংশের পিলার ধসে পড়ে। এতে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসীর চলাচলে অনেক কষ্ট হচ্ছে। মো. ইব্রাহিম ও মো. জেবাল হক বলেন, দুই বছর আগে মলিয়াইশ খাল পুনঃখননের কারণে সেতুটির পিলারের নীচ থেকে মাটি সরে যায়। চলতি বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়াতে খালের দু’পাশেও ভাঙ্গন দেখা দেয়। এতে করে সেতুটির দক্ষিণ পাশের পিলার নীচে নেমে যায় এবং ছাদ থেকে আলাদা হয়ে যায়। ফলে সেতুটির উপর দিয়ে এক সঙ্গে ৪-৫ জন লোক চলাচল করলে সেতুটি কেঁপে উঠে। বিষয়টি সত্যতা নিশ্চিত করে মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কোব্বাত মিয়া বলেন, সেতুটি দ্রুত সময়ের পুনঃনির্মাণ করা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুটির উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। মিরসরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সজীব চাকমা বলেন, সরেজমিনে গিয়ে সেতুটি আমরা পরিদর্শন করেছি। সেতুটি পুনঃনির্মাণ করার মতো অর্থ পৌরসভা থেকে ব্যয় করা সম্ভব নয়। তাই সরকারী অন্যান্য দপ্তরের সাথে কথা বলে সেতুটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই। মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র-১ শাখের ইসলাম রাজু বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেতু দিয়ে গাড়ি চলাচলা না করার বিষয়টি আমরা শুনেছি। দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনঃনির্মাণ করা হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১