বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৯

গোয়ালন্দে প্রতিপক্ষের ঘর ভেঙে জমি দখলের অভিযোগ


রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিপক্ষের বসতঘর ভেঙ্গে ও গাছপালা কেটে নিয়ে টিনের বেড়া দিয়ে জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর নবু ওসিমদ্দিন পাড়ার হোসেন সরদারের বাড়ীতে। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তি অভিযোগ দিয়েছেন।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর নবু ওসিমদ্দিন পাড়ার হোসেন আলী সরদারের (৭৫) জমাজমি নিয়ে একই এলাকার মৃত খোরশেদ শেখের ছেলে হাসেম উদ্দিন শেখ, আচমত শেখ ও হাসমত শেখের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার হোসেন আলীর বাড়ীতে ঢুকে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার দুটি টিনের ঘর, রান্নাঘর ভেঙ্গে ও অনেকগুলো ছোট-বড় মেহগণি, পেয়ারা, পেঁপেসহ নানা ধরনের ফলজ গাছ কেটে পাকা খুঁটি পুঁতে টিনের বেড়া দেয়। এ সময় হোসেন আলী শেখের বাড়ীতে তেমন কোনো লোকজন না থাকায় খুব অল্প সময়ের মধ্যে ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী এক রকম নির্বিঘ্নে দখলকাজ সম্পন্ন করে।

হোসেন আলী শেখ জানান, আমার প্রতিপক্ষ আচমত শেখ যে দাগ নম্বর থেকে জমি কিনেছে ওই দাগে জমি বিক্রেতার কোনো জমি না থাকায় এবং আমার জমির দাগের আগের মালিকও একই ব্যক্তি হওয়ায় আচমত শেখ জোর করে আমার ঘর ভেঙ্গে ও গাছপালা কেটে আমার জমি দখল করেছে।

এ সময় হোসেন আলীর ছেলে সোহেল ও স্থানীয় আ. রহমান বলেন, বৃহস্পতিবার সকালে হাসেমদ্দিন, আচমত, হাসমত, মোস্তফা ছাত্তার, শাজাহান, আবুলসহ ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হঠাৎ এসে ঘর ভেঙ্গে গাছপালা কেটে বেড়া দেয়। এ সময় ভয়ে তাদের সামনে কেউ দাঁড়াতে সাহস পায়নি।

এ বিষয়ে অভিযুক্ত দখলকারী আচমত আলী শেখ জানান, আমি ওই জমি ৫ বছর আগে কিনেছি। আমার জমিতে খোটা পোতা ছিল। হোসেন আলী ওই জমির দখল ছাড়ছিল না। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে আমি জমির দখল নিয়েছি।

গোয়ালন্দঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, হোসেন আলী সরদারের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১