আপডেট : ৩১ July ২০১৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্বপন মিয়া (১৬) নামে এক কিশোরকে ও সীমান্ত সংলগ্ন জমিতে গৃহপালিত পশুকে ঘাস খাওয়ানোর সময় রহমত আলী নামে এক বাংলাদেশিকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে দেশটির সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাউরা ইউনিয়ন সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলার সীমান্ত ঘেষা সানিয়াজান নদীতে মাছ ধরতে যায় নবীনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কিশোর স্বপন মিয়া। এ সময় ভারতীয় ১৪৩ ব্যাটালিয়ন ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সাধারণ পোষাকে আসা সদস্যরা স্বপনকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। একই দিন সকাল ৮ পার সময় হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া সীমান্তের ৮০০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার সীমান্ত সংলগ্ন বাংলাদেশি জমিতে গৃহপালিত পশুকে ঘাস খাওয়ানোর সময় ফারুক হোসেনের ছেলে রহমত আলী (৪০) কে একই কায়দায় ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় ১৪৩ ব্যাটালিয়ন ব্যাটালিয়নের বিআরকে বাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। অপরদিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতীয় ১১২ নিউ কুচলিবাড়ী এলাকার মেখলিগঞ্জ থানার রমনি রায়ের ছেলে জগবন্ধু রায়কে (৫৮) ঠ্যাংঝারা গ্রামের আদিবাসীপাড়া থেকে আটক করে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ডাঙাটারী ক্যাম্পের নায়েক সুবেদার মোতাহার হোসেন জানান, ‘দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বৈঠকে ভারতীয় ব্যক্তিকে ফেরত প্রদান করলে বাংলাদেশি আটক কিশোরকে ফেরত দিতে চায় বিএসএফ। অন্য ব্যক্তির ব্যাপারে আলোচনা চলছে।’ এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভার.) মেজর মুহিত উল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কথা বলা সম্ভব হয়নি। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১