বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৯

রোহিঙ্গারা বিদেশি নাগরিক হিসেবে থাকবে মিয়ানমারে


মিয়ানমার রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে দেখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। তাদের বিদেশি হিসেবে মিয়ানমারে থাকার অনুমোদন দেওয়া হবে। গতকাল রোববার দুপুর ২টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ডি-৪ ক্যাম্পে হিন্দু ও খ্রিস্টান রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন থোয়ে।

মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছি। মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তিন ধরনের নাগরিকত্ব দেওয়া হয়। আইনের তিন নম্বর ধারা অনুযায়ী যারা তিন প্রজন্ম ধরে মিয়নামারে বসবাস করে আসছেন তাদের ‘নেট্রালাইজড সিটিজেনশিপ’ দেওয়ার বৈধতা আছে। সুতরাং তারা সরাসরি মিয়ানমারের নাগরিক না হলেও তাদের এই ধারার আওতায় মিয়ানমারে বিদেশি নাগরিক হিসেবে থাকার বৈধতা দেওয়া হবে। এই হিসেবে আমরা তাদের জাতীয় আইডি (ইআইডি) কার্ড দেব। ফলে তাদের মধ্যে জাতীয়তা কিংবা গোত্র নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না।

এর আগে, সকালে ক্যাম্প-৪-এ মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন থোয়ে। রোহিঙ্গাদের পক্ষে মাস্টার মুহিব উল্লাহর নেতৃত্বে ৩০ সদস্যের দল বৈঠকে বসেন। এর মধ্যে ৫ জন নারী সদস্য রয়েছে। তাদের সঙ্গে আসিয়ানের ৫ প্রতিনিধিও রয়েছে। পরে ৪ খ্রিস্টান ও ১০ হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে করেন এ প্রতিনিধিদল।

গত শনিবার বাংলাদেশ সফরে আসেন মিয়ানমারের প্রতিনিধিদল। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর উদ্দেশ্যে তাদের এ সফর। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। এরই মাঝে রোববার আবারো বৈঠকে বসে দুই পক্ষ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিনিধিদল পাঠাল মিয়ানমার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১