বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৯

বিএসএমএমইউর ডেন্টাল ইউনিটে খালেদা জিয়া


কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগে দ্বিতীয়বারের মত চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শনিবার বেলা দেড়টার দিকে কড়া পাহারায় বেগম জিয়াকে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেয়া হয় আরেকটি ব্লকে ডেন্টাল বিভাগে। সেখানে চিকিৎসা শেষে বেলা সোয়া ২টার দিকে তাকে আবার কেবিন ব্লকে ফিরিয়ে নেয়া হয়।

বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান বেগম জিয়ার চিকিৎসা করেছেন। তবে তাকে কি চিকিৎসা দেয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তখন অন্য সমস্যার সঙ্গে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসার প্রয়োজনের কথাও বলেছিলেন।

ফখরুল বলেন, তার (খালেদা জিয়ার) দাঁত শার্প (ধা‍রালো) হয়ে গেছে। সেটা যখন তার জিবে আঘাত করে তখনই তিনি কষ্ট পান। যার ফলে তিনি এখন কিছু খেতেও পারছেন না। দেশনেত্রীর দাঁতের চিকিৎসাটা বড় চিকিৎসা। তার রুট ক্যানেল করা দরকার, স্কেলিং করা দরকার, টুথ এস্ট্রাকশন করা দরকার। দুই-একটা দাঁত তার নষ্ট হয়ে গেছে বয়সের কারণে, সেগুলো তুলে ফেলা দরকার।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি এখানে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১