আপডেট : ২২ June ২০১৯
জটিল রোগে ভুগছেন কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল হক তালুকদার (৫৮)। তিনি এখন চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মমিনুল হক তালুকদার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা। তিনি ৩১ বছর ধরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন। আওয়ামী লীগ পরিবারেই তার জন্ম ও বেড়ে উঠা। তিনি জানান, কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা সমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার দুটি কিডনীতেই সমস্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসার প্রায় ১৫ লাখ টাকা ব্যয় বহন করতে সহায়-সম্বল যা ছিল তা বেঁচে দিয়েছেন। বর্তমানে সপ্তাহে দু’বার তার কিডনিতে ডায়ালয়সিস করাতে হয়। চিকিৎসকেরা বলেছেন, তার উন্নত চিকিৎসা করা দরকার। ভাল চিকিৎসা পেলে তিনি স্বাভবিক জীবন যাপন করতে পারবেন । মমিনুল হক তালুকদার এখন বিনা চিকিৎসায় কিশোরগঞ্জের খরমপট্রির বাসায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, আমার ও আমার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। নিজের চিকিৎসার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন তিনি। ১৯৭৮ সনে মদনপুর হযরত শাহ সুলতান (রা) স্কুল থেকে এসএসসি পাস করে ঢাকা তেজগাও কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার পরই ছাত্রলীগের রাজনীতিতে জড়ান তিনি। ছাত্র জীবন শেষ করে এলাকায় এসে যুক্ত হন উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে। ১৯৮৯ সালে গাজীপুর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পান। তখন ইউনিয়নটি ছিল কিশোরগঞ্জ জেলায়। পরে প্রশাসনিক ভাবে ১৯৯৫ সালে ইউনিয়নটি যুক্ত হয় নেত্রকোনায়। তখনও তিনি ইউনিয়নটির আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এই নেতার বাবা আব্দুল খালেক, ভাই মইনুল হক তালুকদার , চাচা প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব তালুকদার প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের হয়ে কাজ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১