বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৯

বাস মালিকরা লোভী : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসকের বারণের পরও আমি টার্মিনালগুলো পরিদর্শন করেছি, যাতে অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়। বাস মালিকরা আমাকে বোঝাতে চেয়েছেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় তাদের খালি আসতে হয়। আমি তাদের বলেছি, সারাবছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন। বাস মালিকরা লোভী।’

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে মোবাইল কোর্ট কাজ করছে। দুরপাল্লার বাসের মধ্যে শাহ ফতেহ আলী, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও মানিক এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, রাজধানীর ভেতরে সায়েদাবাদ টার্মিনালে ২১ শে পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবহন খাতে শৃঙ্খলার খুবই অভাব উল্লেখ করে তিনি বলেন, সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা নেই। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটা করতে পারলে শৃঙ্খলাসহ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকায় যানজট, জনজট ও জলজট এ তিন মিলে একাকার। এই জট নিরসনে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। এবিষয়ে ঈদের পর ডিটিসিএ এর সভা হবে। সেখানে দুই সিটির মেয়রও থাকবে। বছরের পর বছর ধরে ঢাকা শহরে বিশৃঙ্খলা চলছে। এখানে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দিস্তার পর দিস্ত কাগজ আমরা পরিকল্পনায় নষ্ট করেছি। কোনো লাভ হয়নি। এখন আমরা ঢাকা সিটির যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মেট্রোরেল পুরোপুরি চালু হবে। শুধুমাত্র অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যানজট নিরসন সম্ভব নয়। এজন্য শৃঙ্খলা আনাসহ মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে সরকারের পরিকল্পনা অনুয়ায়ী ৬টি প্রকল্প বাস্তবায়ন করতে পারলে আশা করছি ঢাকা থেকে পুরোপুরি যানজট নিরসন সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১