বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০১৯

কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।  কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ জানান, পৌরসভার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহ ফকিরের নিকট একটি কষ্টি পাথরের মূর্তি আছে সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে সিনিয়র এএসপি (কচুয়া সার্কেল) মো. শেখ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে।

জানা গেছে, শুক্রবার বিকেলে পৌরসভার করইশ গ্রামে ওয়ালী উল্যাহ, ওসমান ও আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার জন্য বাঁশের খুটি বসাতে গিয়ে নিচে শক্ত কোনো বস্তুর অবস্থান নিশ্চিত করে। পরে রাতে তারা কচুয়া থানা পুলিশকে সংবাদ দেয়।

শনিবার দুপুরে কচুয়া থানার ওসি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কচুয়া সার্কেলের এএসপি শেখ রাসেল বলেন, ৮২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি ৩৮ ইঞ্চি দৈর্ঘ্য, ১৯ ইঞ্চি প্রস্থ। মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

এ সময় কচুয়া থানার ওসি তদন্ত মুহাম্মদ শাহজাহান কামাল, উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১