বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০১৯

দুর্যোগ প্রবণ গলাচিপায় নেই আবহাওয়া অফিস


দুর্যোগ প্রবণ উপজেলা হওয়া সত্বেও গলাচিপায় এখন পর্যন্ত নির্মাণ হয়নি আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস। ঘূণিঝড়ের সংকেত নির্ণয় করা তো দূরের কথা বৃষ্টির পরিমাপ, বাতাসের গতিবেগ নির্ণয়েরও নেই কোনো ব্যবস্থা।ফলে প্রাকৃতিক দুর্যোগে বার বার বিপর্যস্ত হচ্ছে এই জনপদ।

ঢাকা থেকে বার্তা সংরক্ষন করে যেসব সংগঠনগুলো আবহাওয়ার সংবাদ পৌঁছাচ্ছে, তারা বলছে- আবহাওয়ার অফিস না থাকার কারণে সময় মতো সঠিক বার্তা জনগনের কাছে পৌঁছাতে পারছেন না তারা। এদিকে সচেতন মহলের দাবি যারা আবহাওয়ার সংবাদ জনগনের কাছে পৌঁছাচ্ছেন তারাও দিচ্ছেন ভুল তথ্য।

জানা গেছে, বাংলাদেশের সর্ব দক্ষিনে সাগর উপকূলীয় উপজেলা গলাচিপা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে বার বার বিপর্যস্ত হচ্ছে এসব জনপদ। তবে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে গলাচিপা চিহ্নিত হলেও এখন পর্যন্ত নির্মাণ হয়নি আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস। ফলে বিগত দিনের ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, মোরা ও ফণীর সময় আবহাওয়া অফিসের দেয়া তথ্যের সঙ্গে অমিল ছিল বন্যার গতি ও স্থান পরিবর্তনের। যার প্রভাবটাও পড়েছে উপকূলীয় এলাকার জনসাধারণের উপর।

গলাচিপা উপজেলার তহসিন উদ্দিন, মোশারেফ, মামুন মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, ঘূর্ণিঝড়ের সময় বার বার ভুল তথ্য দেয়া হয়। এ কারণে ক্ষয়-ক্ষতির পরিমানও দ্বিগুন হয়।

রাঙ্গাবালি উপজেলার মৌডুবি ট্রলার মালিক সমিতির সভাপতি সাকুর মিয়া বলেন, সঠিক সময়ে আবহাওয়ার সংকেত না পাওয়ার জন্য তারাও গভীর সাগরে থাকা জেলেদের তথ্য দিতে পারেন না। তাই প্রতি বছর ৩০ থেকে ৪০ জন জেলে ট্রলার ডুবিতে মারা যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, আবহাওয়ার তথ্য ঢাকা থেকে সংগ্রহ করতে যে সময় লাগে ততক্ষণে অনেক পরিবর্তন হয়ে যায়। তাই গলাচিপায় আবহাওয়ার অফিস নির্মাণ না করা পর্যন্ত এসব সমস্যার সমাধান হবে না। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচী(সিপিপি) গলাচিপা উপজেলার সহকারী পরিচালক কে.এম.মাহতাবুল বারী বলেন, আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস না থাকায় সব থেকে বেশি ভোগান্তি ও বন্যা পরবর্তী সময়ে তাদের জনগণের তোপের মুখে পরতে হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১