আপডেট : ০৯ May ২০১৯
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। তিনি জানান, ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরে ৫ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর এমন তথ্য জানান তিনি। ঈদ সামনে রেখে সারাদেশে যোগাযোগ নির্বিঘ্ন করতে এ বৈঠকের আয়োজন করা হয়। সচিব বলেন,“সিএনজি স্টেশন ঈদের আগে ৭ দিন এবং পরে ৫দিন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে, যাতে জ্বালানির সমস্যা না হয়। প্রতিবারই এটি করা হয়।” দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ঈদের পাঁচ দিন পর থেকে আবারও আগের নিয়মে দিনে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। নজরুল ইসলাম দাবি করেন, এবার ঈদে সড়ক ও মহাসড়কের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। সড়ক ও মহাসড়কের জন্য কোথাও ভোগান্তি সৃষ্টি হবে না। বৃষ্টি বা কোথাও অন্য সমস্যা হলে সাথে সাথে সমাধান করার জন্য যথেষ্ট বাজেট আছে বলেও জানান তিনি। মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, এবছর ঈদে ঘরমুখী মানুষদের ভোগান্তি কম হবে, ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ রাখা হবে। মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল যেন করতে না পারে সে বিষয়টি লক্ষ্য রাখতে ভ্রাম্যমাণ আদালত থাকবে। তিনি বলেন, টিকিটের দাম যেন না বাড়ে সেজন্য টিকেট কাউন্টারে মনিটরিং করা হবে। অতিরিক্ত ভাড়া বন্ধে মহাসড়কে থাকবে ভিজিলেন্স টিম,’ যোগ করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে বিআরটিসি অতিরিক্ত বাসের ব্যবস্থা করবে এবং অন্যবারের তুলনায় এবার বাস বেশি থাকবে। মহাসড়কের অবস্থা ভালো আছে। ঈদে কোনো সমস্য হবে না। ঈদের সড়কে চাপ কমাতে ঢাকার পোশাক কারখানার মালিকদের এক দিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিতে মালিক সমিতিকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১