আপডেট : ০৪ May ২০১৯
১৫ বছর পর ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে কুলাউড়া পৌর বিএনপির। শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়। পৌর বিএনপির নতুন কমিটিতে মুহিবুর রহমান মলাই সভাপতি, মুজিবুল আলম সোহেল সাধারণ সম্পাদক, জুবের খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গোপন ব্যালটের মাধ্যমে ৩৮ জন কাউন্সিলর ভোট দেন। মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। পৌর বিএনপির সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মলাই। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুবের খান। কুলাউড়া পৌর বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী শিবলুর সভাপতিত্বে এবং পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা রাসেল আহমদ চৌধুরী, কায়ছার আরিফ ও হারুনুর রশীদের যৌথ সঞ্চালনায় কাউন্সিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। তিনি বলেন, দ্বিধা বিভক্ত কুলাউড়া বিএনপি আজ ঐক্যবদ্ধ। আগামীর আন্দোলন সংগ্রামে, নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে। তিনি আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকাকে উল্লেখ করে বলেন, মৌলভীবাজারকে অচল করে দিয়ে নেত্রীকে মুক্ত করা সম্ভব হবে না। ঢাকায় আন্দোলন শুরু করতে হবে। আমরা মৌলভীবাজার জেলা বিএনপি সেখানকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে দাবানল সৃষ্টি করে নেত্রীকে মুক্ত করবো। কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে নেত্রীকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই লক্ষ্যে সবাইকে এক হয়ে সাংগঠনিক কার্যক্রম চালু রাখতে হবে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাহুর রহমান, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, জেলা বিএনপির সদস্য কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খান ও বিএনপি নেতা এম এ মজিদ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১