বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৯

মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলায় যুবককে কুপিয়ে জখম!


কুলাউড়ায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় মোবাইলে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সোহেল মিয়া (২৪) নামক এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে তারই চাচাতো ভাই জুয়েল মিয়া ও জুয়েলের বন্ধু জাকির আহমদ। আশঙ্কাজনক অবস্থায় আহত সোহেলকে প্রথমে মৌলভীবাজার সদর ও পরে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটাঘাট বাজারে কাইয়ূম মিয়ার ছেলে সোহেল মিয়ার সাথে মোবাইলে উচ্চস্বরে কথা বলা নিয়ে একই এলাকার রইছ আলীর ছেলে জাকির আহমদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি তখন মীমাংসা করা হয়।

পরদিন শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনার জেরে ইটাঘাট বাজারে জাকির আহমদ ও তার বন্ধু মতিন মিয়ার ছেলে জুয়েল মিয়া (সোহেলের চাচাতো ভাই) এক হয়ে সোহেলের ওপর পরিকল্পিত হামলা চালায়। জুয়েল ও জাকির তাদের সঙ্গে থাকা দা দিয়ে সোহেলকে উপর্যুপুরি কোপাতে থাকে। দায়ের কোপে সোহেলের দু’ পায়ের রগ ও মাথায় মারাত্মক জখম হয়।

স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১