বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

শপথের বিষয়ে আমি কোনো চিঠি দিইনি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি : সংগৃহীত


বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম আমি নাকি শপথ নেয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। বিষয়টি সঠিক নয়। আমি কোনও আবেদনই করিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের সঙ্গে কোনও আপস কিংবা সমঝোতার যে কথা বলা হচ্ছে, সেটির প্রশ্নেই ওঠে না। সেটি যদি হতো, তবে কিছুদিন আগেও আমার নামে নতুন করে যে মামলা দেয়া হয়েছে সেটি নিশ্চয়ই হতো না। আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতাদের বিনাবিচারে জেলে থাকতে হতো না।

বিএনপি মহাসচিব আরো বলেন, ন্যূনতম সুযোগ কাজে লাগাতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংসদে, সংসদের বাইরে- সব জায়গায় প্রতিবাদের সুযোগ কাজে লাগাতে আমাদের এ সিদ্ধান্ত।

তিনি বলেন, আমরা সংসদে ও সংসদের বাইরে সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানাব। আপনারা দেখেছেন, গতকাল শপথ নিয়েই আমাদের একজন এমপি (হারুন-উর রশিদ) সংসদে গিয়ে কথা বলেছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিদেশিদের চাপে বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন- না, বিদেশিদের কাছ থেকে আমাদের ওপর কোনও চাপ নেই। আমরা তাদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে নিয়মিত কথা বলছি। আমরা বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করছি। আঞ্চলিক রাজনীতি পর্যবেক্ষণ করছি।

সাংবাদিকতার নীতি বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল একটি পত্রিকার সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে আমি সংসদে যাব কিনা? আমি সরাসরি তাকে না বলে দিয়েছি। অথচ পত্রিকাটি আজ লিখেছে- মির্জা ফখরুলের সংসদে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি শপথ না নিই সে ক্ষেত্রে কী হবে? আপনার সাংবাদিকতা কোথায় যাবে? তাই আপনাদের কাছে অনুরোধ- রিপোর্ট করার আগে ইথিকস বজায় রাখবেন। সঠিক সংবাদ প্রকাশ করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১