আপডেট : ০৮ April ২০১৯
ব্যাপক ধুমধাম করে আলীকদম উপজেলায় স্থাপিত স্ট্রীট লাইটগুলো এক বছর হতে না হতেই এর বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো খুলেও ফেলা হয়েছে মেরামতের জন্য। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের টিআর কাবিটা প্রকল্পের আওতায় আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ওই স্ট্রীট লাইট প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয়রা বলছেন, এসব স্ট্রীট লাইট কখনো জ্বলে আবার কখনও জ্বলে না। আবা কোনো সময় একেবারেই জ্বলে না। এবিষয়ে সংশ্লিষ্টদের বলার পর ঠিক করে দিলেও কিছুদিন সচল থাকার পর পুনরায় নষ্ট হয়ে যায়। তারা আরও বলেন, স্ট্রীট লাইটগুলো স্থাপনের সপ্তাহ দুয়েক ভাল আলো দিলেও পরে স্ট্রীটলাইটের আলো ধীরে ধীরে হ্রাস পায়। দূর থেকে দেখে বুঝার উপায় নেই স্ট্রীটলাইট গুলো সচল নাকি অচল। টমটম চালক শাহ আলম বলেন, স্ট্রীটলাইট স্থাপনের স্থানও সঠিক হয়নি। যেখানে খুব বেশী প্রয়োজন সেখানে স্ট্রীটলাইট না দিয়ে, যেখানে স্ট্রীটলাইটের প্রয়োজন নেই সেখানে দেওয়া হয়েছে। ব্যক্তি বিশেষ, জনপ্রতিনিধিদের সুবিধার্থে ও তাদের খুশি রাখতেই লাইটগুলো তাদের পছন্দ মত জায়গায় দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চারপাশে উন্নত মানের স্ট্রীট লাইট স্থাপন করলেও উপজেলা পরিষদের বাইরে পুরো আলীকদমে স্থাপিত স্ট্রীট লাইট গুলো উন্নত মানের নয়। যদি উন্নত মানের হত, তাহলে এভাবে ঘনঘন নষ্ট হত না। স্ট্রীটলাইট সরবরাহকারী প্রতিষ্ঠান ওরাল সার্ভিস ফাউন্ডেশনের আলীকদম উপজেলা সেলস্ ম্যানেজার মো. রাসেল ও উপজেলা টেকনিশিয়ান মিনহাজুর রহমান জানান, ইলেক্ট্রট্রনিক্স যন্ত্রপাতির গ্যারান্টি দেওয়া যায় না, নষ্ট হবে স্বাভাবিক, নষ্ট হলে মেরামত করে দেওয়া হবে। এরই মধ্যে অনেক নষ্ট স্ট্রীটলাইট মেরামতের জন্য খুলে ফেলা হয়েছে। আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর রহমান বলেন, আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে কাজ বাস্তবায়ন করি। স্ট্রীটলাইটের স্থাপন ও চাহিদা নিজ নিজ পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দেন এবং চাহিদা অনুযায়ী দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে দেওয়া বরাদ্দ আমরা শুধু মনিটরিং করি মাত্র। তিনি বলেন, সচল,আংশিক সচল ও পুরোপুরি অচল স্ট্রীটলাইটের তালিকা চেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো চেয়ারম্যানরা আমাকে সে তালিকা দেয়নি। যার কারণে সেগুলো মেরামতের কোনো ব্যবস্থা নিতে পারছি না। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, অচল বা আংশিক সচল স্ট্রীটলাইটগুলো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্থান ব্যতীত অপ্রয়োজনীয় কোন একক ব্যক্তি বিশেষের সুবিধার্থে স্ট্রীটলাইট স্থাপন না করতে ও মনিটরিং এর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরকে নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১