বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০১৯

নবাবগঞ্জের উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে : সালমান এফ রহমান


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, নবাবগঞ্জের উন্নয়নে রুপরেখা তৈরি করা হয়েছে। একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ৮০০ একর জমি দেখা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের শোল্লা হয়ে আমিন বাজার পর্যন্ত একটি নতুন সড়ক তৈরির পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। নবাবগঞ্জের প্রধান সমস্যা রাস্তা-ঘাট ও ব্রীজ নির্মানে ৬০০  কোটি টাকার প্রকল্প গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

 আজ শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিগত ১২ বছরে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন তা আপনারা জানেন। তিনি ঘোষণা করেছেন ‘দেশের প্রতিটি গ্রাম হবে শহর’। এটি বাস্তবায়ন হলেই প্রতিষ্ঠা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

বিদ্যালয়ের সভাপতি সোহেলী আনার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন,  সোনালী ব্যাংকের এমডি ওবায়েদুল্লাহ আল মাসুদ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১