আপডেট : ৩১ March ২০১৯
এক সময়কার আভিজাত্যের বাহন ছিল ঘোড়া। রাজা জমিদাররা ঘোড়াতে চড়েই রাজ্য দেখতেন। আছে ঘোড়ায় চড়ে রাজ কুমারীর জন্য রাজকুমার আসার অনেক গল্প। আগের দিনের শখের এই পরিচিত প্রাণীটিই আজকের দিনের ছেলেমেয়েদের কাছে অনেকটা অদেখা প্রাণীতেই পরিণত হয়েছে। সেই সঙ্গে হারাতে বসেছে ঐতিহ্যবাহী মাঠ কাপাঁনো ঘোড়দৌড় প্রতিযোগিতা। হারানো এই ঐতিহ্যকে মনে করিয়ে দিতে এবং আজকের প্রজন্মকে নিরন্তর আনন্দ দেওয়ার জন্য শনিবার বিকালে নরসিংদীর মনোহরদীতে আয়োজন করা হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকল্প ইলেকট্রনিক্সের (ওয়ালটন এক্সক্লোসিভ) উদ্যোগে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নিতে বড়-মাঝারি, সাদা-লাল রঙের ঘোড়ার সমাহার হয় একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। ৩টায় ঘোড়দৌড় শুরু হলেও দুপুর থেকেই দর্শক ও ঘোড়ায় মাঠ ভরে যায়। ঘোড়দৌড় দেখতে আসা একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মাইসা বিনতে কাজী বলেন, ‘গল্পে শোনা ঘোড়দৌড় আজ নিজ চোখে দেখে আমি খুব আনন্দিত।’ পাশ্ববর্তী বেলাব থেকে আসা রানা হোসেন এবং নারায়ণপুর থেকে আসা গোবিন্দ চন্দ্রও প্রথমবার ঘোড়দৌড় দেখতে এসে আনন্দে উদ্বেলিত। তারা বলেন, ‘নিয়মিত এমন প্রতিযোগীতার মাধ্যমে যদি ঐতিহ্যবাহী ঘোড়দৌড়কে সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায় তাহলে আমাদের বাঙ্গালীর ঐতিহ্য রক্ষা পাবে। বিদেশী অপসংস্কৃতির আগ্রাসনের রোধের পাশাপাশি যুবসমাজের অবক্ষয় রোধ হবে।' বিস্তৃর্ণ মাঠে ঘোড়দৌড়ে অংশ নিতে নরসিংদীর পাশাপাশি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ২২ টি ঘোড়া নিয়ে হাজির হয় প্রতিযোগীরা। খেলায় প্রতিযোগিরা বড় ও ছোট গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ে নামে ২২টি ঘোড়া। জয়ের জন্য প্রতিযোগীদের অদম্য চেষ্টা ও ঘোড়ার ক্ষিপ্ততা উপভোগ করে উপস্থিত নানা বয়সের নারী-পুরুষ দর্শকরা। ঘোড়দৌড়ে বড় দলে প্রথম হয় জামালপুর জেলার সেকান্দার মিয়া, দ্বিতীয় টাঙ্গাইল জেলার আবুল হোসেন ও তৃতীয় হয় মনোহরদী উপজেলার রহমতউল্লাহ। আর ছোট দলে প্রথম হয় কিশোরগঞ্জ জেলার রাব্বি হোসেন, দ্বিতীয় হয় মনোহরদী উপজেলার লাল মিয়া ও তৃতীয় হয় শিবপুর উপজেলার সাব্বির হোসেন। প্রতিযোগীতায় প্রথম হওয়া জামালপুর জেলার সেকান্দার মিয়া বলেন- ‘ টাকার জন্য নয়, বাপ-দাদা ঐতিহ্য রক্ষায় ঘোড়া পালন করি এবং এ ধরনের প্রতিযোগীতায় অংশ নেই।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান রুবী আক্তার, কাচিকাটা ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক, বিকল্প ইলেকট্রনিক্সের পরিচালক আলম মৃধা,আওয়ামীলীগ নেতা আবুল কালাম, আহসান কবীর জুয়েলসহ প্রমুখ। মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- ‘এতে করে হারানো ঐতিহ্য সম্পর্কে আজকের প্রজন্ম কিছুটা হলেও ধারনা পাবে। আর দর্শকদের উপস্থিতিই বলে দেয় তারা কতটা আনন্দে এই ঘোড়দৌড় উপভোগ করছে।’ প্রতিযোগীতা শেষে অতিথিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে যথাক্রমে ২৪ ইঞ্জি ওয়ালটন খঊউ টেলিভিশন, ওয়ালটন ইয়ারকুলার ও ওয়ালটন ইনডাকশন কুকার তুলে দেয়। বিপুল দর্শকের সমাগম হওয়ায় শৃংখলা রক্ষা করাটা আয়োজকদের জন্য কঠিন কাজ ছিল। আগামীতে এ ধরনের ঘোড়দৌড় প্রতিযোগীতায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কামনা করেন আয়োজক ও দর্শকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১