বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০১৯

শপথের ৬ ঘণ্টা পর মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার

সুলতান মোহাম্মদ মনসুর ছবি : সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এর আগে আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর। বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন। নির্বাচনের আগে তিনি গণফোরামের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের সমর্থন পান। নির্বাচনের পর থেকেই শপথ নেয়ার পক্ষে অবস্থান নেন তিনি। এ নিয়ে বিরোধ দেখা দেয়ায় নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের কোনও বৈঠকে অংশ নেননি এই নেতা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১