আপডেট : ০৫ March ২০১৯
কুমিল্লায় বাসে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আদেশের দিন ঠিক করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। গত ২৭ ফেব্রুয়ারি এ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে খালেদা জিয়ার পক্ষে আবেদনটি দায়ের করা হয়। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি দায়ের করেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার একটি আদালত এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে। এরপর গত বুধবার হাইকোর্টে খালেদার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১