বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

বিএনপির জেষ্ঠ নেতাদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংগৃহীত ছবি


তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায়  দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরকে ধন্যবাদ।'

আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সদ্যপ্রয়াত সাংবাদিক মো. শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, 'গতকাল (রবিবার) ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত।'

এসময় তথ্যমন্ত্রী বলেন, 'বেগম জিয়ার পুত্র আরাফাত রহমানের মৃত্যু সংবাদে সেইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কাছে গেলে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি।'

'সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ব্যর্থ হলেও, বিএনপির সিনিয়র নেতারা হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই,’ বলেন তথ্যমন্ত্রী।

এর আগে, বক্তৃতায় প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেন ও প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ প্রেসক্লাবে শোকসভায় বক্তব্য দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১