বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০১৯

গণশুনানিতে সবাই গণঘুমে ব্যস্ত ছিলেন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: পিআইডি


বিএনপি ও ঐক্যফ্রন্টের গণশুনানিতে সবাই গণঘুমে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম গণশুনানির সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। গণশুনানির নামে এটি আসলে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। এর কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেননি।

তিনি বলেন, তাদের দলের একজন নেতা বলেছেন, গণশুনানির পাশাপাশি তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কি ভূমিকা ছিল সে বিষয়ে। আমিও মনে করি তাদের নেতাদের শুনানি করার প্রয়োজন, কার কি ভূমিকা ছিল এবং আছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের ঘন ঘন বিদেশিদের সঙ্গে দেখা করার মাধ্যমে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়। যেকোনো কিছু হলে দেশে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটি দেশকে শুধু অপমানিত করে তা নয়, তাদের নিজেদেরও অপমানিত করে। বিএনপির উচিত জনগণের জন্য রাজনীতি করা এবং জনগণের কাছে যাওয়া।

তিনি বলেন, আমি মনে করি তাদের ধর্ণা দেওয়া উচিত জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, রাজনৈতিক দল হিসেবে জনগণের দল যদি তারা হয়, তাহলে তারা ধর্ণা দেবে জনগণের কাছে।

সিজিআরএফ সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১