বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০১৯

ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল


জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা লিভ টু আপিল খারিজ করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ববি হাজ্জাজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর হাইকোর্ট রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে রাজনৈতিক দল হিসেবে এনডিএম’কে নিবন্ধন না দেওয়ার ইসির সিন্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়।

পরে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ইসি যা সোমবার খারিজ করে দেয় আপিল বিভাগ।

এর আগে, ববি হাজ্জাজ রাজনৈতিক দল হিসেবে এনডিএম প্রতিষ্ঠা করেন ২০১৭ সালের ২৪ এপ্রিল। এরপর দলটির নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন তিনি। গত বছরের ১১ জুন এনডিএম’র আবেদন খারিজ করে দেয় ইসি। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট করেন ববি হাজ্জাজ।

রিট আবেদনে দলটির নিবন্ধনের নির্দেশনা চাওয়া হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় গত বছরের ১৬ অক্টোবর। পরে ২১ অক্টোবর হাইকোর্ট রায় ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১